Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৬, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ

কুয়াকাটার উপকূলে ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় রেমাল’ আতঙ্কে উপকূলবাসী

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমাল’ রূপ নিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর । এরই মধ্যে পায়রা সমুদ্রবন্দর সমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ রোববার(২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে। অগ্রভাগের প্রভাব দুপুরের পর থেকেই উপকূলে থাকতে পারে। জোয়ারের সময় ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আর ভাটার সময় হতে পারে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।‘সারা দেশেই ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস, ভারীবর্ষণ ও ভূমিধ্বস হতে পারে। সকলকে সতর্ক থাকতে হবে।

ফলে উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার জনসাধারণের জানমাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যে কলাপাড়ায় ১৫৫টি আশ্রয় কেন্দ্র ও ২০টি মুজিব কেল্লা প্রস্তুত করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।দূর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ৩ হাজার ১৬০ জন স্বেচ্ছাসেবকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।তবে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার বার্তায় ঝুকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

প্রতিকূল আবহাওয়ায় খাদ্য ও শুকনা খাবার মজুদ রাখার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এদিকে কুয়াকাটা হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যদি বেশি প্রয়োজন হয় তবে হোটেল রিসোর্ট গুলো খুলে দেওযা হবে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। কন্ট্রোল রুম,মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঝড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে দ্রুত গাছ অপসারণের জন্য আলাদাভাবে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। কুয়াকাটার হোটেল মোটেল গুলোকে মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।এছাড়াও দুর্যোগ কালীন সময়ে আশ্রয়ন কেন্দ্রে নিরাপদে আসা মানুষদের জন্যও আমরা সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করেছি। তবে সকলকে সচেতন হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এন্ড পিবিও আব্দুল জব্বার শরীফ মুঠোফোনে বলেন, রেমাল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি ক্রমেই শক্তি নিয়ে কুয়াকাটার অভিমুখে অগ্রসর হচ্ছে।

প্রিন্ট করুন