আকালের কন্ঠ ডেস্ক : কেরানীগঞ্জে জেনেরিক এ্যাগ্রো নামের একটি অবৈধ জুস তৈরির কারখানায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানা ও কারখানা কম্পাউন্ডে মালিকপক্ষের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (১৯ মে) কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়নের খাগাইল জিয়ানগর মোড়ে এ অভিযান চালানো হয়।
এ সময় কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন দেশি-বিদেশি মোড়কে ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংকস, ফুড কালার, মসলাসহ প্রায় ২৫ ধরনের অবৈধ আইটেমসহ প্রায় অর্ধশত আইটেমের মোড়ক ও কাঁচামাল পাওয়া গেছে।
অভিযানে অবৈধভাবে এসব পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিকপক্ষের শেখ মোহাম্মদ সানাউল্লাহসহ তিনজনের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা অনুযায়ী অভিযোগ গঠন করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা ও কারখানা কম্পাউন্ডে মালিকপক্ষের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।