Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩, ২০২৪ , ১১:৩৮ পূর্বাহ্ণ

ক্রিকেটারদের পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো প্রস্তাব দিয়েছিল অপারেশন্স বিভাগ। তবে ম্যাচ ফি নয়, দুই পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও ইসমাইল হায়াদার মল্লিকের মতামতের ভিত্তিতে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অপারেশন্স বিভাগের প্রস্তাবনায় ম্যাচ ফি সর্বোচ্চ ২ লাখ টাকা ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে, ১ লাখ টাকা ওয়ানডেতে আর সবচেয়ে কম ৫০ হাজার টাকা টি-টোয়েন্টি সংস্করণে বাড়ানোর কথা বলা হয়।

কিন্তু ম্যাচ ফি বাড়ানোর পরিবর্তে পারফরম্যান্স বোনাস দেওয়ার বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মল্লিক ও হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান দুর্জয়। এই দুজনের মতামতের সঙ্গে অধিকাংশ পরিচালক একাত্মতা প্রকাশ করেন।

শেষ পর্যন্ত বোর্ড ম্যাচ ফি বাড়ানোর পরিবর্তে পারফরম্যান্স বোনাস বাড়ানোর সিদ্ধান্তে আসে। সর্বসম্মতিক্রমে বোর্ড ক্রিকেট অপারেশন্স কমিটিটি পারফরম্যান্স বোনাস দেওয়ার কাঠামো তৈরি করার নির্দেশ দেয়।

এমনিতে ম্যাচ জয় কিংবা সিরিজ জয়ে বিসিবি আলাদা বোনাস দিয়ে থাকে। এবার এই বোনাসের অর্থ বাড়বে। সঙ্গে সংযুক্ত হবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স বোনাসও।

অর্থ্যাৎ কোনো ম্যাচে পারফর্ম করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিংবা সেঞ্চুরি-ফাইফার পেলে আলাদা অর্থ পাবেন ক্রিকেটাররা।

পারফরম্যান্স বোনাসের কাঠামো তৈরি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

তিনি বলেন, বিসিবি আমাদের নির্দেশনা দিয়েছে পারফরম্যান্স বোনাসের কাঠামো তৈরি করতে। আমরা সেটা নিয়ে কাজ করছি।

সবশেষ ২০২০ সালে বাড়ানো হয়েছিল ক্রিকেটারদের ম্যাচ ফি। সেই সময় ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে টেস্টে ম্যাচ ফি হয়েছিল ৬ লাখ টাকা, ওয়ানডেতে ২ লাখ থেকে ৩ লাখ, আর টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ টাকা। বর্তমানে চার বছর আগে বাড়ানো অর্থই পাচ্ছেন ক্রিকেটাররা।

প্রিন্ট করুন