বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের স্থানীয় সম্পদ আহরন ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ (২ মে) বৃহস্পতিবার সকাল দশটায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। উপজেলার ১৫চেয়ারম্যান, ১৫ জন সচিব, সদস্য ১৩৫ জন ও ও সংরক্ষিত আসনের আসনে ১৫ সদস্য সহ মোট ২ শত ১০ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, সঠিকভাবে বৈধ খাত থেকে আয় যেমন- কর, রেইট, টোল, ফিস ও ইজারা থেকে আয় দ্বারা সকল নাগরিকের সমান সেবা প্রদান করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব এবং কর্তব্য। এ সময় তিনি চেয়ারম্যান মেম্বরদের জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইন্সটিটিউট (এন আই এল জি) যুগ্মপরিচালক মোঃ আব্দুল খালেক। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুর নবী ও সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিন।