Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১, ২০২৪ , ৪:৪৯ অপরাহ্ণ

ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: ডা. সামন্ত লাল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই, আমারও নেই। বাংলাদেশে একমাত্র ভুল চিকিৎসা বলার অধিকার রাখে বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল)।

বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সে এ অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং ২য় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা ন্যক্কারজনক, খুবই বাজে। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায়না।

তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম না। আমরা যে জোড়া মাথার জমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশন করলাম, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিল, কিন্তু সেই অপারেশনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের দেশের নিউরোসার্জনরা। প্রথম যখন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩-৪টা বাজে আমি নিজের চোখে দেখেছি আমাদের এনেস্থেটিক এবং নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা এবং সামর্থ্য। যা আমাকে বিস্মিত করেছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে। আমরা যদি সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে সার্ভিস দেই, রোগীদের সেবা দেই মানুষ সম্মান করবে। আমাদের তো কোনো কিছুর অভাব নেই।

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিনস্ এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ।

প্রিন্ট করুন