Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ

পঞ্চমবারের মতো কমলো স্বর্ণের দাম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চরম অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে স্বর্ণের বাজারে। চলতি মাসে তিন দফা বাড়ানোর পর বিগত ৭ দিনে পঞ্চমবারের মতো মূল্যবান এ বস্তুটির দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবশেষ সোমবার (২৯ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছয় হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯১ হাজার ২০১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৮৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত রোববার (২৮ এপ্রিল) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাত হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৭৬ হাজার ৬৩২ টাকা।

এ নিয়ে ১২ দিনের ব্যবধানে দেশের বাজারে ৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৭ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হয়েছে ২ বার। সবশেষ ৫ দফা সমন্বয়েই কমেছে স্বর্ণের দাম।

চলতি বছরের প্রথম ৪ মাসে দেশের বাজারে ১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে সাতবার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৯ বার। এর আগে ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

প্রিন্ট করুন