নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪ জন প্রার্থী।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ ৮ মে।
১৫২ টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্স, নড়াগাতি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি খান শামিমুর রহমান (ওছি) ও কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস।
এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিস ভট্টাচার্য, চাচুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরুল ইসলাম, নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম, আশরাফুল আলম ও উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি হাফেয মোঃ জাকারিয়া।
এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী, সাবেক ভাইস-চেয়ারম্যান বিউটি পারভিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ববিতা বেগম।