শরীয়তপুরের সখিপুরে এক মাদক ব্যবসায়িকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা | Daily AjKaler Kontho

শরীয়তপুরের সখিপুরে এক মাদক ব্যবসায়িকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন
শরীয়তপুরের সখিপুরে এক মাদক ব্যবসায়িকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে রুবেল মোল্লা (২৭) নামের এক মাদক ব্যবসায়িকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।এসময় পুলিশের কাছ থেকে ওই মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেয়া হয়। পরে ৮ ঘন্টা সারাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত সোমবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজগর হাওলাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল মোল্লা ওই এলাকার সালাহতুল্লা মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মোল্লা নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ ছিলো। এ কারণে সে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলো।

সোমবার রাতে তিনি বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে অভিযান পরিচালনা করেন সখিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ ও বেশ কয়েকজন পুলিশ সদস্য। অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হলে হঠাৎ করেই শতাধিক নারী পুরুষ পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় মাদক ব্যবসায়ি রুবেল মোল্লাকে।

এসময় হামলায় আহত হয় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ। খবর পেয়ে সখিপুর থানা থেকে বেশ কয়েকটি টিম পুরো এলাকাটিতে অভিযান চালায়। পরে মঙ্গলবার ভোরবেলা রুবেল মোল্লাকে গ্রেফপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ি রুবেল মোল্লাকে ধরতে অভিযান পরিচালনার সময় আমাদের পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। ওই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।