বাকেরগঞ্জ প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দিনের বেলায় রাত নেমে এলো। ৭ এপ্রিল সকাল ১০ টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হতে থাকে। সকাল ১১ টায় উপজেলা জুড়ে যেন রাত নেমে আসে। পুরোপুরি রাতের মতো অন্ধকার হয়ে প্রবল বেগে ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ায় রাস্তাঘাটে থাকা মানুষ চারদিকে ছুটাছোটি করে নিরাপদে আশ্রয় নেয়ার চেষ্টা করে। মহাসড়ক ও শহরের সড়কে যানবাহন চলাচল করছিল লাইট জ্বালিয়ে।
অন্ধকার হয়ে শুরু হয় প্রবল বেগে আকষ্মিক ঝড় ও দমকা আবহাওয়া এতে উপজেলার ১৪ টি ইউনিয়নে শতাধিক বাড়ি ঘর ও হাজার হাজার গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায় বাকেরগঞ্জ উপজেলায়। এই আকষ্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত শতাধিক বাড়িঘর পুরোপুরি ও প্রায় ১ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যনরা।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ঝড়ের কবলে পড়ে ১০ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। এদিকে অসংখ্য গবাদী পশু নিখোঁজের খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোন তথ্য না দিতে পারলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ সাইফুর রহমান। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।