আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর হাতে আছে ৫৫ হাজার রুপি নগদ অর্থ। আর তার ব্যাংক অ্যাকাউন্টে আছে ২৬ লাখ ২৫ হাজার রুপি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং টিভি নাইন। প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২০ কোটি রুপির সম্পদ আছে।
এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও আছে রাহুলের বিনিয়োগ। আর গত ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, সেখানেই এই তথ্য উঠে এসেছে। কিন্তু কেরালার ওয়েনাড়ে আসনে লোকসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হলফনামা অনুসারে তার কোনো গাড়ি বা আবাসিক ফ্ল্যাট নেই।
হলফনামায় রাহুল গান্ধী প্রায় ৯.২৪ কোটি রুপির অস্থাবর সম্পদ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ৫৫ হাজার রুপি নগদ অর্থ, ব্যাংক অ্যাকাউন্টে ২৬.২৫ লাখ রুপি, ৪.৩৩ কোটি রুপির বন্ড এবং শেয়ার, ৩.৮১ কোটি রুপির মিউচুয়াল ফান্ড, ১৫.২১ লাখ রুপির সোনার বন্ড এবং ৪.২০ লাখ রুপি মূল্যের গয়না।
কংগ্রেসের এই নেতা ১১.১৫ কোটি রুপির স্থাবর সম্পত্তির মালিক। এর মধ্যে দিল্লির মেহরাউলিতে কৃষি জমিও রয়েছে। বোন ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার সাথে এই সম্পদের সহ-মালিক তিনি। রাহুল গান্ধীর গুরুগ্রামে অফিসের জায়গাও রয়েছে, যার মূল্য বর্তমানে ৯ কোটি রুপিরও বেশি। কৃষি জমি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হলেও অফিসের জায়গার বিষয়ে সেটি বলা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাহুলের হলফনামার তথ্য অনুযায়ী- ২০২২-২৩ অর্থবছরে রাহুল গান্ধীর উপার্জন ছিল ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬৮০ রুপি। সোনিয়া পুত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি রুপি, অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.২৪ কোটি রুপির। সব মিলিয়ে রাহুলের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি রুপিরও বেশি।