আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করলে ভবিষ্যতে ভোট নিয়ে কোনো চিন্তা থাকবে না। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দুই সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত। মানুষ আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখবে। তাই জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া থেকে মইনুদ্দিন- ফখরুদ্দিন কেউ মানুষ ভাতের অধিকার নিশ্চিত করতে পারেনি। আওয়ামী লীগই মাছে ভাতের অধিকার নিশ্চিত করছে। এতো উন্নয়নও যারা চোখে দেখে না, তাদের করুনা ছাড়া কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন-তৃণমূলে মানুষের জীবন মান উন্নয়নই সরকারের লক্ষ্যে।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের সফলতা ও প্রত্যয়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যে উঠে আসে কোভিড ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা। বিএনপি জামাত জোট সরকারের আমলে স্থানীয় সরকারের প্রতি অবহেলার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে, গ্রামের মানুষকে সব নাগরিক সেব দেয়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সরকার। রোজায় ইফতার পার্টি না করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন দল ও শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। গ্যাস, বিদ্যুৎ, পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী, শেখ হাসিনা।
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিনা বাহার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৯ মার্চ অনুষ্ঠিত ভোটে তারা দু’জন মেয়র পদে নির্বাচিত হন। এসময় ময়মনসিংহের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
পরে একই অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী।