Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩, ২০২৪ , ৬:৩১ অপরাহ্ণ

রুমার সোনালী ব্যাংক হতে লুট করতে পারিনি টাকা থানচিতে দুটি ব্যাংকে হামলা

লেখকঃ আজকালের কণ্ঠ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা হতে কোনো টাকা লুট হয়নি। মঙ্গলবার রাতে ডাকাতি হওয়া ওই ব্যাংকের ভল্ট অক্ষত আছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। বুধবার বিকালে সাড়ে ৪টার সময়ে এসব কথা জানান তিনি।

শাহনেওয়াজ খালেদ বলেন, সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমাতে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুণে দেখা হয়। দেখা যায়, মঙ্গলবার রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটায় রয়েছে।

তিনি আরো বলেন, দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়, কোনো কারণে অস্ত্রধারীরা হয়তো ভল্ট খুলতে পারেনি তারা।

স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, এই ঘটনা ঘটিয়েছে কেএনএফ সদস্যরা। তারা ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য এবং রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে পাহারায় থাকা আনসার সদস্যদের কাছ হতে দুটি এসএমজি লাইট মেশিন গান ও ৬০টি গুলি, ৮টি চীনা রাইফেল ও ৩২০টি গুলি এবং ৪টি শটগান ও ৩৫টি কার্তুজ নিয়ে যায়।

এছাড়া কেনএনএফের অস্ত্রধারীরা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনকে নিয়ে যায় বলে স্থানীয় লোকজন বলেছেন। আজ বিকালে পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে যানা যায়।

এদিকে আজ বেলা একটার দিকে বান্দরবানের থানচি উপজেলা সদরে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের দুটি শাখায় ডাকাতি করে অস্ত্রধারীরা। তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন ব্যাংক দুটির কর্মকর্তারা।

প্রিন্ট করুন