Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ

প্রেম-সংক্রান্ত বিরোধে যুবক খুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার হোমনায় প্রেম-সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সাল নামে এক যুবককে গলাকেটে হত্যার দায়ে ২ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. ফুল মিঞার ছেলে মো. শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২০)।

জানা যায়, হত্যাকাণ্ডের শিকার ফয়সালের সঙ্গে আসামি শামীম মিয়ার কলেজপড়ুয়া বোন মেহেদী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের জের ধরে ২০২০ সালের ৫ জুন জবাই করে ফয়সালকে হত্যা করে মরদেহটি স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে মাটিতে পুঁতে রাখে শামীম।

খুনের ৮ দিন পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়াকে আটক করলে আসামিদের দেখানো স্থান থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদেরকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন