Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২৪ , ৬:৫৫ অপরাহ্ণ

সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালকের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাঙামাটির সাজেক ভ্যালিতে প্রাণ আরএফএল কোম্পানির পণ্য পরিবহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক মাহেন্দ্রচালকের মৃত্যু হয়েছে।

সাজেক ভ্যালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনাটি বেলা সাড়ে ১২টার দিকে ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাজেক থানায় পাঠাই। সেখান থেকে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

শুক্রবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার সময় ভ্যালির কংলাক পাহাড়ে যাওয়ার সময় পণ্যবাহী মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে চালক নিহত হন। তার নাম মো. চাঁন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে প্রাণ আরএফএল কোম্পানির ডিলারের মালামাল নিয়ে রুইলুই পাড়া হতে কংলাক পাড়ায় যাওয়ার পথে খাস্রাং রিসোর্টের সামনে পাহাড় উঠার সময় মালামাল ভর্তি মাহেন্দ্র গাড়ি ব্রেক ফেল করে পাহাড়ের নিচে প্রায় ১০০ ফুট খাদে পড়ে যায়। এ সময় চালক মারা যান। তবে গাড়িতে থাকা আরও দুজন খাদে পড়ার আগেই লাফ দিয়ে নেমে গেলে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে ঘটনাস্থলে সাজেক থানা পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের নিয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

 

প্রিন্ট করুন