Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২৪ , ১২:১০ অপরাহ্ণ

লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই এখন কারাগারে

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে সামাজিক দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতাকে ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে যেয়ে জিয়া চৌধুরী (৩৩) নামের এক যুবক গ্রেফতার।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের দীন মোল্যার বন্ধ থাকা মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো: আরজ আলী ওরফে লিচু কাজী (৫৮) উপজেলার ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে পাংখারচর বাড়িতে ফেরার পথে দিন মোল্যার মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত জিয়া চৌধুরী ডেকে নিয়ে বসান তাকে। এ সময় পাশে বসে কৌশলে লিচু কাজীর পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢুকাতে গেলে তখন ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে নীল রঙের জীপারযুক্ত পাঁচটি পলি ব্যাগ মাটিতে পড়ে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে জিয়া চৌধুরী দ্রুত পালিয়ে যায়। লিচু কাজী ঘটনাস্থলে থাকায় ঘটনার সত্যতা জনার জন্য জিজ্ঞাসাবাদের জন্য লিচু চৌধুরীকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে লিচু কাজী পুলিশকে ঘটনার বিস্তারিত জানান যে, আমাকে সমাজে হেয় করার জন্য জিয়া চৌধুরী এমন নাটক সাজায়। উপস্থিত ভ্যান চালক আজিম ফকিরও পুলিশকে একই সাক্ষী প্রদান করেন।
এ ঘটনার জের ধরে পুলিশ অভিযান চালিয়ে ওই দিন বিকেলেই ইয়াবা কারবারি জিয়া চৌধুরীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

আওয়ামী লীগ নেতা আরজ আলী ওরফে লিচু কাজী থানা থেকে বেরিয়ে রাতে সাংবাদিকদের বলেন, সামাজিক ভাবে হেয় করতে সুপরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা জিয়া চৌধুরীর মাধ্যমে ইয়াবা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। সত্য উদঘাটিত হওয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত জিয়া চৌধুরীসহ যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হয়েছে। যার মামলা নং- ২৫/৭৯
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন