আজকালের কন্ঠ ডেস্ক : ভাতার জন্য বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
শনিবার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাট্টলীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধাদের ভাতা আরও সম্মানজনক করা হবে বলেও জানান তিনি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদসহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী অতিথিদের নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় নিশান নামে একটি স্মরণিকা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।