আজকালের কন্ঠ ডেস্ক : বরিশালের গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে খাদে পড়ে সেলিম রেজা (৩৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিার রাত ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেলিম রেজা যশোর জেলার মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহণের একটি বাস গৌরনদীর বেজহার এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। পরে একাধিকবার উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির ছাদ ও বডি পৃথক হয়ে দুই জায়গায় পড়ে থাকে। এতে বাসের যাত্রী সেলিম রেজা ঘটনাস্থলেই নিহত ও ১৫ যাত্রী আহত হন।