Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৫, ২০২৪ , ২:২০ অপরাহ্ণ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কোটালীপাড়ায় ভুল চিকিৎসায় আফরোজা বেগম (২০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ক্লিনিক মালিকের লোকজন রোগীর স্বজনদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ন খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রসূতি আফরোজা বেগম উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী।

নিহতের মা মনিকা বেগম বলেন, ওইদিন সকালে তিনি মেয়েকে নিয়ে ওই ক্লিনিকে ভর্তি করেন। দুপুরে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়। প্রায় দুঘন্টা পরে তারা জানায় তার মেয়ে ও তার গর্ভের সন্তান মারা গিয়েছে। তিনি বলেন, আমার মেয়ে মারা যায়নি; তাকে ও তার সন্তানকে ডাক্তাররা মেরে ফেলেছে।

ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার জাহিদ হোসেন রিন্টু বলেন, সকালে ওই প্রসূতি নারী ভর্তির পর আমরা তাকে স্যালাইন দিই। দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার প্রভাষ মণ্ডল ও আমি তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাই। এর পর রোগীটি হার্ট অ্যাটাক করে মারা যান।

ডাক্তার প্রভাষ মণ্ডল বলেন, অস্ত্রোপচার কক্ষে নিয়ে আমরা চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়েছে। সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

 

প্রিন্ট করুন