স্পোর্টস ডেস্ক : প্রায়ই নতুন নতুন আইন চালু করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি। কয়েকদিন আগেই ‘স্টপ ক্লক’ আইন চালুর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। এতদিন পরীক্ষামূলকভাবেই চলেছে আইনটি।
২০২৩ সালের নভেম্বরে সংস্থাটি জানিয়েছিল, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চলবে।
এবার আইসিসি জানিয়েছে, চলতি বছরের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে ‘স্টপ ক্লক’ আইনটি আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী করা হবে।
এক প্রতিবেদনে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, নিয়মটি ক্রিকেটের সাধারণ প্লেয়িং কন্ডিশনেই অন্তর্ভুক্ত করা হবে।
দুইবার ফিল্ডিং দলকে সতর্ক করবেন ফিল্ড আম্পায়ার। আর তৃতীয়বার এই নিয়ম ভাঙলে ৫ রান জরিমানা করা হবে। তৃতীয়বার থেকে প্রতিবার প্রতিপক্ষের স্কোরবোর্ডে ৫ রান যোগ করা হবে।
ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটার, ডিআরএস কিংবা কোনো কারণে এই নিয়মে ব্যত্যয় ঘটলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।