Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২০ , ১২:৩০ পূর্বাহ্ণ

রাতে ৭ ঘণ্টা বাড়ির বাইরে যাওয়া নিষেধ

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসের সংক্রমণে সীমিত চলাচলের নতুন নির্দেশনায় বাসস্থানের বাইরে থাকার সময় বেড়েছে তিন ঘণ্টা। চলাচলে বিধি-নিষেধের সময়সীমা আগামী ৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ সংক্রান্ত নতুন নির্দেশনায় আগের বিধিনিষেধেগুলো আরও কিছুটা শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনায় দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর সই করা আদেশ অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ ঈদের ছুটির দিনগুলোও ১ ‍জুলাই থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধের আওতায় থাকবে।

নিঃশর্ত ক্ষমা চাইলো সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ
নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পাশাপাশি ‘রেড জোন’ চিহ্নিত এলাকায় লকডাউন বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া ঈদুল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর অনুমতিও দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে অফিস-আদালত এবং গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেই মেয়াদ পরে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। আগের নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে আসা নিষেধ ছিল।

প্রিন্ট করুন