Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৫, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ

নাটকীয় ভাবে মধ্যরাতে নৌযান শ্রমিকদের আহূত ধর্মঘট স্থগিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধি : দিনভর ধর্মঘটের পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে হঠাৎই সোমবার (৪মার্চ) রাত ১১টার দিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরি সোমবার মধ্যরাতে মুঠোফোনে এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন ‘ তিন নৌযান শ্রমিক ফেডারেশন যথাক্রমে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন ‘সোমবার (৪ মার্চ) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌযান মালিক সমিতি এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক শেষে তিন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা এ ঘোষণা দেন।

১১ দফা দাবি আদায়ে সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে নৌধর্মঘট পালনের কথা ছিল। কর্মসূচি স্থগিত করার ফলে সারাদেশে নৌযান চলাচল অব্যাহত থাকবে।

নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, পুলিশি হয়রানি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করে নৌযানশ্রমিকেরা। দাবির পক্ষ সমর্থনে মোংলাসহ দেশের বিভিন্ন এলাকায় নদীতে মাইকিং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নৌযান শ্রমিকরা।

প্রিন্ট করুন