নেত্রকোণ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ঘর থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় তার লাশটি পাওয়া যায় বলে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।
নিহত এমদাদ মিয়া (২০) মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।
স্বজনদের বরাতে ওসি দেলোয়ার বলেন, ঢাকায় প্লাম্বারের কাজ করতেন এমদাদ। এক সপ্তাহ আগে বড় ভাইয়ের বিয়েতে বাড়িতে আসেন তিনি। তার বাড়িতে নতুন একটি ঘর তৈরি করা হচ্ছে। তাই একটি চালা ঘরে পরিবারের লোকজন বসবাস করছিলেন। রাতে বোনের সঙ্গেই ঘুমিয়ে ছিলেন তিনি।
তিনি বলেন, সকালে ঘুম থেকে জেগে এমদাদকে খুঁজে না পেয়ে তার মোবাইলে কল দেন তার বোন। রিসিভ না করায় আশপাশে খুঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
“এক পর্যায়ে তাদের নির্মাণাধীন ঘরের ভেতর এমদাদের মোবাইলে ফোন বাজতে থাকে। কিন্তু কেউ রিসিভ করেনি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও অন্য দিক দিয়ে খুলে ভেতরে ঢুকে এমদাদকে আড়ার সঙ্গে প্লাস্টিক সুতা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”
ওসি বলেন, পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।