আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে চাঁদা দাবিকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট অব্যাহত রয়েছে। এসব ঘটনায় থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আবেদন করেও ফলাফল না পেয়ে অবশেষে চাঁদপুর আদালতে ঘটনায় জড়িত ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।
মামলায় প্রধান আসামি হলেন মো. বোরহান খালাসীসহ ২৮ জন এবং অজ্ঞাতনামা ৩৫ জন। এদের সকলের বাড়ী মোহনপুর এলাকায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার যে কথা বলেছেন, আমরা সে আলোকে কাজ করে যাচ্ছি। এরকম ধারবাহিক হামলা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠানটি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি প্রতিষ্ঠানটি ধরে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে পর্যটন কেন্দ্রে হামলা হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাক ও পুলিশ সুপারের নিকট ঘটনার বর্ণনা দিয়ে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক থানায় মামলা করার পরামর্শ দেন। সে আলোকে মামলাও করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, এসব ঘটনা আমি অবগত। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে কয়েকবার ব্যবস্থা নিয়েছে। পর্যটন কর্তৃপক্ষ ট্যুরিস্ট পুলিশ চেয়ে আবেদন করেছে। এটি কোম্পানি হওয়ার কারণে ট্যুরিস্ট পুলিশ দেওয়া হয়নি।