আজকালের কন্ঠ ডেস্ক : জন্ম থেকেই অন্ধ লিমা বেগম। তার পরও অদম্য চা বাগানের এই কিশোরী লেখাপড়া ছাড়েনি। এগিয়ে যেতে চায় অনেক দূর। তাই পরীক্ষার পাঠ চুকাতে শ্রুতিলেখক নিয়ে বসেছে পরীক্ষার বেঞ্চে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাহের শামসুননাহার উচ্চ বিদ্যালয় থেকে। সে অগ্রণী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
উপজেলার চণ্ডিছড়া চা বাগানের দরিদ্র পরিবারের সন্তান লিমা বেগম। তার বাবা মো. দেলোয়ার মিয়া। তার বড়বোনও এবার পরীক্ষা দিচ্ছে। একদিকে দুটি অন্ধ চোখ, অপরদিকে আর্থিক দৈন্যতা থাকলেও সে থেমে যায়নি। পরিবার ও সহৃদয়বানদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সে বড়বোনের পড়া শুনে শুনে শিখে। তার ইচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে লিমা জানায়, তার পরীক্ষা ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছে। কোনো সমস্যা হয়নি, নন্দিনী বাকতি তার হয়ে লিখেছে।