Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১১:২৮ পূর্বাহ্ণ

নওয়াজ নয়, শাহবাজ শরীফ হচ্ছেন:প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল পাকিস্তানের জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে

প্রতিবেদন থেকে জানা গেছে, পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের নাম এতদিন আলোচনা হলেও সবাইকে চমকে দিয়ে শাহবাজকে মনোনীত করেছেন তিনি। একই সময় পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলগুলো তাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছে। এদিন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ও শাহবাজ শরিফ নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এই দলগুলোর জোটই ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে।

নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াতে গত ১১ ফেব্রুয়ারি পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভির বাড়িতে পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরীফ ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর মধ্যে এক বৈঠকের পর কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গড়তে সম্মত হন তারা। তবে বিলাওয়াল ভুট্টোকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার শর্ত দেওয়া হয়েছিল।

তার ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই রাতে বৈঠকে বসেন পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি ও পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) নেতারা। ওই বৈঠক শেষে জোট সরকার গঠনের ঘোষণা দেয়া হয়।

এদিকে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, পিএমডব্লিএম’র সঙ্গে জোট গঠন করে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করবেন তারা।

প্রিন্ট করুন