Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ৪:৪৩ অপরাহ্ণ

মেট্রোরেলের বগির সংখ্যা বাড়বে না : সেতুমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি (ফ্রিকোয়েন্স) দুই মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। তবে বগির সংখ্যা বাড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মেট্রোরেল যোগাযোগের ক্ষেত্রে একটা বড় সুবিধা এনে দিয়েছে। এখন মানুষের প্রচুর চাপ, অনেকে উঠতে পারে না। সেক্ষেত্রে একটা আলোচনা আছে যে, ফ্রিকোয়েন্সি কমিয়ে ট্রেন বাড়িয়ে সুবিধাটা বাড়ানো যায় কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করতে পারবো, কয়েক বছর আগেও এটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন তখন বগি বাড়ানো যাবে। যখন তখন একটা চেঞ্জ করা যাবে। পৃথিবীর কোনো দেশে মেট্রোর বগির সংখ্যা পাঁচের বেশি নয়। আমাদের এখানে অলরেডি ছয়টা কাজ করছে।

ঢাকায় মেট্রোরেল-ব্যবস্থা নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা আছে তাদের। এখন চলছে ১০ থেকে ১২ মিনিট বিরতিতে। পুরোদমে এবং বাড়তি সময় ট্রেন চালাতে বাড়তি জনবল দরকার। জনবলের প্রশিক্ষণ দরকার। সেখানে ঘাটতি রয়েছে।

 

প্রিন্ট করুন