বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক মেহেদী (৩২) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ( ১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯ টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএনটি সড়কের সম্মুখে। নিহত মেহেদী উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে বাকেরগঞ্জ আসা একটা বাস টিএনটি সড়কের সামনে দিয়ে ঘুড়িয়ে বাসস্ট্যান্ডে দিকে যাচ্ছিলো, এমন সময় লেবুখালি দিয়ে আসা দ্রুত গতির একটি ট্রলি বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফজলুল করিম দারুত সুন্নত মাদ্রাসার সামনে উলটে যায়। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা আহত ৩ জনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে চালক মেহেদীর মৃত্যু হয়।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা:মেহেদী হাসান দূর্ঘটনায় আহত মেহেদীর মৃত্যু নিশ্চিত করেছেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন দূর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।