আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটে ট্রাকের ধাক্কায় দুলাল চৌধুরী (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আবদুল আউয়াল চৌধুরী (৪৬) নামের এক পুলিশ সদস্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুলাল চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। আর আহত আবদুল আউয়াল চৌধুরী মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ি এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হন। খবর পেয়ে পুলিশ দুলালের মরদেহ উদ্ধার করে। আর চিকিৎসার জন্য আবদুল আউয়াল চৌধুরীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।