আজকালের কন্ঠ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য এবং মঠবাড়িয়া এলাকায় ৫ বছরের দন্ডপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাংবাদিকদের। গ্রেফতারকৃতরা হলো সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বরিশালের বানরীপাড়া এলাকার সুশান্ত চত্রবর্তীর পুত্র শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী, বরগুনার বড়ইতালা ধাড়াকান্দা এলাকার বারেক সিকদার ও বরগুনার শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকারের পুত্র সেলিম সিকদার এবং মাদক মামলায় গ্রেফতারকৃত ৫ বছরের দন্ডপ্রাপ্ত পালতক আসামি মঠবাড়িয়া উপজেলার পশ্চিম কবুতরখালী এলাকার আ: রশিদ ফরাজীর পুত্র রফিকুল ইসলাম।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বৈঠাকাঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত চক্রের সদস্য শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী, বারেক সিকদার ও সেলিম সিকদার নামের ৩ জনকে আটক করে।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএসের মাধ্যেমে নিশ্চিত হওয়া যায় যে আটককৃরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থানায় এদের মধ্যে শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অভিযোগ ৮টি মামলা, বারেক সিকদারের নামে একই অভিযোগে ৭টি মামলা ও রফিকুল ইসলামের নামে ডাকাতি, দস্যুতা, চুরিসহ ৬টি মামলা রয়েছে।