আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ৬ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বপাশের্^ (ফালাঙ্গাপাড়া গ্রামে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে রবিউল ইসলাম (৪০) নামের একব্যক্তি দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ওই গ্রামের সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, হোসেন আলী ও রবিউল ইসলামের বাড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, ভুল লোকেশনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামের ভেতরে যাতায়াতের রাস্তা সুবিধাজনক না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব ছিল।