Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ

হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবির সালেহ মোহাম্মদ হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ২ জন পলাতক রয়েছেন। এছাড়া এ মামলা থেকে ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে সালেহ মোহাম্মদের সাথে আসামীদের দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন ছিল। এরই জের ধরে ২০০৯ সালের ২ মে সকালে সালেহ মোহাম্মদ তার নিজ শ্যালো মেশিন ঘর থেকে বাড়ি ফেরার পথে আসামি মোহাম্মদ আলীর বাড়ির সামনে ওৎ পেতে থাকা সকল আসামিরা তাকে ধরে নিয়ে গিয়ে আমগাছের সাথে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এসময় সালেহ মোহাম্মদ পানি খেতে চাইলে আসামিরা পানির বদলে মরিচ গুলানো পানি জোড়পূর্বক পান করালে সে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় একই তারিখে পাঁচবিবি থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজিজুল হক। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

এছাড়া খালাসপ্রাপ্ত ৫ আসামি হলেন- অমিছা বেগম, শহিদুল ইসলাম, বেলছি বেগম, হাফেজা ফকির ও সবদুল ফকির।

 

প্রিন্ট করুন