Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১:৪৪ অপরাহ্ণ

নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ডিবির

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। এবার সেই মামলায় এই গায়ককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। নোবেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালতের সূত্র অনুযায়ী, গত ৩০ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরির আদালতে নোবলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন লালবাগ থানার মামলার তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর হুমায়ুন কবির। আদালত অভিযোগপত্রটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করে বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি নোবেল বাদীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে কনসার্টে না গিয়ে ওই টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে আসামি নোবেলের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গেল বছর ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন।

 

প্রিন্ট করুন