Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২০ , ৩:২৫ অপরাহ্ণ

গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখার আহবান কাদেরের

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনার সংকটে মিডিয়া তথা গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণে নিয়ে বিজ্ঞাপনদাতাদের সাধ্যমত উদারতা প্রদর্শনেরও আহবান জানান তিনি।

রবিবার ( ২১ জুন) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনার এই উদ্বেগের সময় অনুমান নির্ভর ঔষধ মজুদ করবেন না। এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। সিলিন্ডার মজুদ করে রেখে দেওয়ার ফলে মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে সচেতনতা ও সতর্কতার দুর্গ গড়ে তুলুন। অনুমান নির্ভর ঔষধ ও অক্সিজেন মজুদ করবেন না। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ংকর হতে পারে।’

করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে আবার কেউ কেউ দীর্ঘ অপেক্ষায় পড়তে হচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহন স্বল্পসময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি। প্রযুক্তির সহায়তা নিয়ে এ সেবা আরো সহজতর করা এখন সময়ের দাবী।’

সড়কমন্ত্রী বলেন, ‘কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক মত হচ্ছে না বলেও রিপোর্ট আছে। মন্ত্রী, হাসপাতাল, মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতাকে উর্ধ্বে স্থান দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনায় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীগণ অধিক সংখক মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাপিয়ে পড়ে আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

প্রিন্ট করুন