আজকালের কন্ঠ ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় মাদরাসা ছাত্র ও শিক্ষকদের বহনকরা একটি ট্রাক উল্টে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে এক মাদরাসা ছাত্র নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে একজন ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও একজন মাদরাসা ছাত্র মারা যান বলে জানা গেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপ-সহকারী পরিচালক (প্রশাসন) মেহেদী হাসান।
তিনি বলেন, সানাউল্লাহ সজল (১৮) নামে একজন মাদরাসা ছাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফজলুল হক (১৯) নামের আরেক মাদরাসা ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
জানা যায়, এখন পর্যন্ত আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২৫ জন। রোববার রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) এবং ফজলুল হক (১৯)। তারা ভালুকা উপজেলার খারুয়ালী এলাকাস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
আহতদের অনেকের অবস্থা গুরুতর ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।