Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৫:০৯ অপরাহ্ণ

বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবির চেয়ারম্যানের বাড়ির সামনে মাটিতে পাইপ পাইলিংয়ের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার উত্তর ওয়াফদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে শাকিল (২০), সোনাপুর এলাকার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন আবির চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ব্যক্তি মালিকানা ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। সকাল ৯টার দিকে পাঁচ শ্রমিক সেখানে পাইলিংয়ের কাজ করতে যায়। দুপুর ১২টার দিকে দুজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে নাশতা করতে যায়। তখন অপর তিন শ্রমিক দোকানে না গিয়ে পাইপ পাইলিংয়ের কাজ করতে থাকে। একপর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুলতে গেলে ওপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন