Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৯, ২০২০ , ১১:৫৭ অপরাহ্ণ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

কোভিড-১৯ তথা করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ব্যাধিতে আক্রান্তের সংখ্যা। দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ‘সতর্ক’ থেকেও সংক্রমণ এড়াতে পারছেন না তারা।

শুক্রবার পর্যন্ত সারাদেশে প্রায় ৮ হাজার ৫২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের।

দেশে গত ৮ মার্চ করোনার সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। আক্রান্তদের মধ্যে ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি ছাড়াও পুলিশ সুপার, সহকারী পুলিশ পদমর্যাদার অনেক কর্মকর্তাও রয়েছেন।

শুক্রবার পুলিশ সদরদপ্তরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সারাদেশে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২০ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে আক্রান্তের সংখ্যা কমেছে। তবে অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনারসহ (এসি)উদ্ধর্তন অনেকে করোনা আক্রান্ত হয়েছেন। ডিএমপিতে এই সংখ্যা ২ হাজার ৩০ জন।

এদিকে সারাদেশে আক্রান্ত পুলিশের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৯৩ জন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

বিশেষ করে পুলিশ হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সরঞ্জাম, বেসরকারি ইমপালস হাসপাতাল ভাড়া, উদ্ধর্তন কর্মকর্তাদের নিয়ে ‘বিশেষ টিম’ গঠন করেছেন।

প্রিন্ট করুন