Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৪ , ১২:২৯ অপরাহ্ণ

অসময়ে পদ্মায় ভাঙন, বিলীন হচ্ছে আবাদি জমি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে শীতের তীব্রতার সাথে সাথে শুষ্ক মৌশুমেও পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত ২ সপ্তাহ ধরে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা, হাটখোলা ও কোলদিয়াড় গ্রামের বেশ কিছু আবাদি জমি ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে।

এদিকে শুষ্ক মৌশুমের এই ভাঙনে হুমকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ রায়টা-মহিষকুন্ডি নদীরক্ষা বাঁধ, ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইনসহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে, দ্রুত সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানায়, গেল মৌসুমে নদীতে বন্যার পানি বিগত বছরের তুলনায় বৃদ্ধি না পেলেও নদী থেকে পানি নেমে যাওয়ার অনেক পরে নদীতে ভাঙন দেখা দিয়েছে।

এবিষয়ে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের ফলে কৃষকের কয়েক হাজার বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীরা জানায়, নদী ভাঙনের তীব্রতার কারনে বেড়িবাধেঁর সন্নিকটেও ভাঙন শুরু হয়েছে। যদি এই বাধঁটি ভেঙে যায় তাহলে ভরা মৌসুমে এই এলাকাটি বিলীন হয়ে যাবে। তারা আরো জানান, অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়েছে। যার ফলে শুষ্ক মৌশুমেও নদী ভাঙনের এ তীব্রতা দেখা দিয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ জানান, নদী ভাঙবে এটা নদীর স্বাভাবিক বৈশিষ্ট। এটা রেগুলার ভাঙন। দ্রুত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে স্থায়ী বাধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে তিনি জানিয়েছেন।

 

প্রিন্ট করুন