Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৪ , ৫:১৬ অপরাহ্ণ

অপশক্তিকে সহ্য করবে না আওয়ামী লীগ: কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না বলে জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পাশাপাশি কর্মসূচি করেছি, কিন্তু ২৮ অক্টোবর বিএনপি প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনো ভোলানি। আমরা আক্রান্ত হয়েও আক্রমণ করিনি, তবে দেশের স্বার্থে আমরা কোনো অপশক্তিকে সহ্য করব না।’

তিনি আরও বলেন, ‘কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জানান দিচ্ছে বিএনপি। তাদের কালো পতাকা মিছিলের কোনো অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তাই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এই অপশক্তিকে আমরা প্রতিহত করব। এরা গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন সংসদের উদ্ভোধনী দিনে যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা আজকে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা, তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য পস্তাতে হবে।

 

প্রিন্ট করুন