আজকালের কন্ঠ ডেস্ক : ভয়াবহ যানজটের নগরী ঢাকায় আশার আলো দেখিয়েছে মেট্রোরেল। ইতোমধ্যে মেট্রোর সুফল পেতে শুরু করেছেন নগরবাসী। এখন মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল, মিরপুর-১০ থেকে ১০ মিনিটে ফার্মগেট যাওয়া যায়। ফলে বাস, প্রাইভেটকার, অটোরিকশা ছেড়ে এখন মেট্রোর দিকে ঝুঁকছেন রাজধানীর মানুষ।
এ কারণে মেট্রোরেলে হচ্ছে উপচে পড়া ভিড়। চাপ সামাল দিতে কোচের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮টি করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল বাস্তবায়ন ও পরিচালনা কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।
বর্তমানে মেট্রোরেলে নারীদের জন্য একটি সংরক্ষিত কোচসহ মোট ৬টি কোচ থাকে। প্রতি কোচে ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩৯০ জন, তবে সামনের দুই দিকে ইঞ্জিনের কারণে এ সংখ্যা সর্বোচ্চ ৩৭৪ জন। এখন একসঙ্গে ট্রেনে উঠতে পারেন সর্বোচ্চ ২ হাজার ৩০০ জন। দুটি কোচ বাড়ালে এ সংখ্যা হবে সর্বোচ্চ ৩ হাজার ৮০ জন।
কাওরান বাজার থেকে উত্তরার যাত্রী শফিকুল ইসলাম জানান, ডিএমটিসিএলের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এখন পিক আওয়ারে প্রতি ১০ মিনিটে এবং অফ পিক আওয়ারে ১২ মিনিটে একটি করে ট্রেন আসে। তিনি এক ট্রেন থেকে আরেকটির মধ্যবর্তী সময় কমানোরও দাবি জানান।