Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ

৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ৮ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে রাজশাহী জেলা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামার বাড়ি থেকে এসব হেরোইন জব্দ করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার সাইফুর রহমান।

তিনি বলেন, গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে ফরিদুল ইসলামের খামার বাড়িতে রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে খামার বাড়ির ভেতরে রাখা কয়েকটি স্থানে বালির স্তূপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় হেরোইন জব্দ করা হয়।

এ সময় পুলিশের অভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে খামার বাড়ির মালিক ফরিদুল ইসলাম ও বাড়ির কেয়ারটেকার সোহেল রানা তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ব্যক্তিসহ খামার বাড়ির দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিক ধরা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রিন্ট করুন