Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৪ , ১:২৩ অপরাহ্ণ

লুট হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৮ লাখ টাকা উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর আলাদিন জুয়েলার্সের লুট হওয়া আরও ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৮ লাখ টাকাসহ খোকন চন্দ্র দাস (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (২৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত যুবক কুমিল্লার হোমনা কাশিপুর গ্রামের জেলেপাড়ার এলাকার নেপাল চন্দ্র দাসের ছেলে ও একই জেলার হোমনা এলাকার হাজী জুনুর আলী প্লাজার মমতা স্বর্ণ শিল্পালয়ের সত্বাধিকারী।

এ ঘটনায় এর আগেও পুলিশ ১১ ভরি স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রি করা নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

মামলার এজহার ও পুলিশ জানায়, ১১ জানুয়ারি ফাজিলপুরে আলাদিন জুয়েলার্স থেকে ৭৫ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা চুরির ঘটনায় মামলা রেকর্ড করা হয়।

পরবর্তীতে বিষয়টি তদন্ত করে পুলিশ ১১ভরি স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রি করা নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকাসহ মো. আলাউদ্দিন (৩০), মো. ফরহাদ (৩৯), মো. বাদশা চৌধুরী (২৩), মো. সজিব প্রকাশ সুমন প্রকাশ শুক্কুর (২৬), মো. মিজান (২৮), মো. শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিকদের (৩২) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ওই ৬ আসামিকে আদালতে সোপর্দের পর আলা উদ্দিন, ফরহাদ হোসেন ও সুমন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বাকি আসামি বাদশা, মিজান ও শফিককে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে বাদশার শ্বশুর বাড়ি থেকে চোরাই স্বর্ণালংকার বিক্রির ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চোরাই স্বর্ণালংকার ক্রয়কারী ব্যবসায়ী খোকন দাসকে আটক করে তার মালিকানাধীন হোমনা উপজেলা শহরের মমতা জুয়েলার্সে অভিযান চালিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

 

 

প্রিন্ট করুন