আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গ্রাম পুলিশসহ ৫ পুলিশ সদস্য।
গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭’টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি জিয়াউর রহমান (৪৫) উপজেলা শিলকূপ ইউনিয়নের চরতিয়া পাড়ার মৃত দুলা মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, ’সন্ধায় উপ-পরিদর্শক মং থোয়াই হ্লা চাকের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জিয়াউর রহমানকে (৪৫) গ্রেপ্তারে অভিযানে যায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম। অভিযানের সময় পুলিশ সদস্যদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এতে ঘটনাস্থলে এসআই মং থোয়াই হ্লা চাক, পুলিশ সদস্য আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম, গ্রাম পুলিশ নাসির আহত হয়।
এ সময় পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় আসামির বাড়ি ঘেরাও করে রাখেন। পরে ওসির নির্দেশে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে জিয়াউর রহমানকে হ্যান্ডমাইকে ঘর থেকে বেরিয়ে আসতে বলা হয়। ঘর থেকে বের না হওয়ায় গ্রাম পুলিশ নাসির ঘরের কাছাকাছি গেলে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে গ্রাম পুলিশ নাসিরের কানে জখম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় আসামি পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হয়। পরে উপস্থিত স্থানীয়দের সামনে আসামির বসতঘর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তোফায়েল আহমেদ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি জিয়াউর রহমান ২০১৯ সালের ১৯ মার্চ ধারালো অস্ত্র নিয়ে বঙ্গভবনে প্রবেশকালে পুলিশ বাধা দিলে একইভাবে পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তখন তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয় । এছাড়াও তার বিরুদ্ধে ডিএমপিতে তিনটি মামলা চলমান আছে। সে জামিন নিয়ে আত্নগোপনে চলে যায়।’