নির্বাচন বর্জন করে বিএনপি আত্মহত্যা করেছে : হাছান মাহমুদ | Daily AjKaler Kontho

নির্বাচন বর্জন করে বিএনপি আত্মহত্যা করেছে : হাছান মাহমুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ১:১৩ অপরাহ্ন
নির্বাচন বর্জন করে বিএনপি আত্মহত্যা করেছে : হাছান মাহমুদ

আজকালের কন্ঠ ডেস্ক : ‘নির্বাচন বর্জন করে বিএনপি আত্মহত্যা করেছে’ বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে যে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মহত্যার শামিল হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করে উপলব্ধি করছে যে তাদের চরম ভুল হয়েছে। তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে।

তিনি বলেন, আমার যখন ২০০৯ সালের সরকার গঠন করি, এরপর যখন উপজেলা নির্বাচন হয় তখন কিন্তু প্রতীক ছিল না। প্রতীক দেওয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি।