Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২২, ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ

৫ জেলার সব স্কুল বন্ধ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তীব্র শীতের কারণে নতুন করে পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠদান বন্ধ হওয়া জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, পাবনা, নীলফামারী ও লালমনিরহাট। এরমধ্যে চলতি মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সরকারি ও বেসরকারি সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না বাড়লে ছুটি বাড়ানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জেলার সব সরকারি-বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেওয়া হবে।

এর আগে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সংশ্লিষ্ট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

প্রিন্ট করুন