Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৪ , ৪:৪২ অপরাহ্ণ

১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে শুরু হবে বাঙালির প্রাণের ‘অমর একুশে বইমেলা ২০২৪’। মেলা সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে জোরেশোরে চলছে নির্মাণযজ্ঞ। বাংলা একাডেমি জানিয়েছে, এরই মধ্যে মেলার ৮০ ভাগেরও বেশি কাজ শেষ হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটি লাগানো ও বাঁশের ফ্রেমিংয়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।এখন বইয়ের তাক নির্মাণ ও বৃষ্টির দুর্ভোগ এড়াতে স্টলের ওপরে টিন দেওয়া হচ্ছে।সেই সঙ্গে তথ্যকেন্দ্র, বইমেলার মিডিয়া সেন্টার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবি-সাহিত্যিকদের আড্ডাসহ বিভিন্ন নির্মাণ কাজ অধিকাংশ শেষ হয়েছে।

কাজ করা শ্রমিকরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অর্ধশতাধিক শ্রমিক ও মিস্ত্রি কাজ করছেন। স্টল নির্মাণ, বইয়ের তাক নির্মাণ এবং ভেতরের ডেকোরেশনের জন্য আলাদা আলাদা মিস্ত্রি কাজ করছেন।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এরই মধ্যে ৮০ ভাগেরও বেশি কাজ শেষ হয়েছে। গত বছর নানা সমালোচনায় পড়ে এবার বইমেলা সম্পন্ন করতে যথাযথ পরিকল্পনা নিয়েছে বাংলা একাডেমি। এবছর প্রায় ৭০টি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন করেছিল। সেখান থেকে এখন পর্যন্ত ২১টি প্রকাশনাকে বাছাই করা হয়েছে। এছাড়া গত বছরেরগুলো অপরিবর্তিত থাকছে। আগামী ২৩ জানুয়ারি ডিজিটালাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে স্টল।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় চটের ওপর ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেছিলেন চিত্তরঞ্জন সাহা। যা আজ অমর একুশে বইমেলায় পরিণত হয়েছে।

প্রিন্ট করুন