আজকালের কন্ঠ ডেস্ক : টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
সম্প্রতি তিনি শেখ হাসিনাকে একটি অভিনন্দন বার্তা পাঠান।
অভিনন্দন বার্তায় টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় আমি আপনাকে (শেখ হাসিনা) আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই ফলাফল বিগত বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নকে এগিয়ে নিতে আপনার নেতৃত্ব এবং নিষ্ঠার কথাই বলে। বাংলাদেশের সাফল্যের গল্প বহুমুখী, এটি একটি শক্তিশালী রপ্তানিখাত দ্বারা পরিচালিত, একটি বিকাশমান মধ্যবিত্ত শ্রেণির উত্থান এবং রয়েছে তরুণ ও শিক্ষিত কর্মশক্তির গতিশীলতা। এটি বাংলাদেশের স্বল্প-আয়ের থেকে একটি নিম্ন-মধ্যম আয়ের দেশে রূপান্তরের যাত্রা, যা জনগণের মঙ্গলের প্রতি আপনার অঙ্গীকারেরই প্রমাণ।
অভিনন্দন বার্তার সবশেষে শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আবারও এই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন। আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি এবং আবারও আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি।