Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৪ , ১:৪২ অপরাহ্ণ

৩ পুলিশ সদস্য গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতে পাচারকারীর থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় খুলনায় তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (১২ জানুয়ারি) রাতে খুলনার লবণচরা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের নামে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলুসুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন তদন্ত করছে কমিটি।

গ্রেফতারকৃতরা হলেন, লবণচরা থানার এসআই মোস্তফা জামান, এএসআই আহসান হাবীব, কনস্টেবল মুরাদ ও খুলনার খালিশপুরের স্বর্ণ পাচারকারী ব্যাসদেব দে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যাসদেব দে একজন পেশাদার স্বর্ণ পাচারকারী। শুক্রবার দুপুরে তিনি ছয়টি স্বর্ণের বার ভারতে পাচারের জন্য টুঙ্গীপাড়া পরিবহনে সাতক্ষীরাতে যাচ্ছিলেন। ওই পরিবহনটি খুলনার সাচিবুনিয়া মোড়ে থামিয়ে তল্লাশি চালায় অভিযুক্ত তিন পুলিশ সদস্য। এক পর্যায়ে পরিবহন থেকে ব্যাসদেব দে নেমে পালিয়ে যেতে চেষ্টা করেন। তখন তিন পুলিশ তাকে আটক করে ছয়টি স্বর্ণের বারের মধ্যে তিনটি ছিনিয়ে নেন। বাকি তিনটি তাকে ফেরত দিয়ে মোটরসাইকেলে তাকে বিভিন্নস্থানে ঘুরিয়ে ছেড়ে দেয়। ছিনতাই করা তিনটি স্বর্ণবারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে ওই পাচারকারী ব্যাসদেব বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

গত শুক্রবার সন্ধ্যায় ওই তিন পুলিশ সদস্যকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। তখন অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় স্বর্ণ পাচারকারীকে বিশেষ ক্ষমতা আইনে ও অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯২ ধারায় মামলার পর গ্রেফতার দেখানো হয়েছে।

প্রিন্ট করুন