আজকালের কন্ঠ ডেস্ক : দেশের সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, প্রশাসনে ক্যাডার বৈষম্য যেন জিরোতে আসে সেই চেষ্টা করা হবে। এটা আমরা আগে থেকেই দেখার চেষ্টা করছি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, দেশে বেকারের সংখ্যা কমানো, অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে পাঠানোর জন্য দক্ষতা বাড়ানো হবে। প্রতিবছর ২০ লাখ মানুষের কর্মসংস্থান করার পরিকল্পনা আছে।
তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনের কর্মকর্তারা কাজ করবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। যোগ্যতার নিরিখে লোকবল নিয়োগ করা হচ্ছে।