আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাচারকালে ৬৯টি ড্রামভর্তি দুই হাজার ৯০০ লিটার অকটেন জব্দ করা হয়েছে। এ সময় ছয় পাচারকারীকে আটক করেছে র্যাব। পরে আটককৃতদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
শনিবার রাতে র্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়ার মৃত আবদু সালামের ছেলে মো আয়াছ ওরফে রিয়াজ (২২), উত্তর সোনারপাড়ার আবদুল্লাহর ছেলে মো জসিম উদ্দিন (২০), একই এলাকার মৃত হাজী আব্দুল মোতালেবের ছেলে মো আলী আকবর (৩৮), পশ্চিম সোনার পাড়ার আহম্মদ কবিরের ছেলে মো সোহেল (১৯), মো হাসেমের ছেলে মো এহাছান উল্লাহ ওরফে রহমত উল্লাহ (২৩) ও রামু উপজেলার খুনিয়াপালং হিমছড়ির আবদুল করিমের ছেলে মো দেলোয়ার (২৪)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সালাম চৌধুরী জানান, র্যাবের গোয়েন্দা তথ্যে জানতে পারে কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে একটি চোরাকারবারী চক্র পার্শ্ববর্তী দেশে অকটেন পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫’র একটি দল শুক্রবার গভীর রাতে সদরের মেরিন ড্রাইভ দরিয়ানগর ব্রিজের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় র্যাব দেখে টেকনাফমুখী দুইটি নীল রঙের পিকআপ গাড়ি থেকে পাচারকারীরা নেমে পালানোর চেষ্টা করে।
এ সময় ৬ জনকে আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, পিকআপে ড্রামভর্তি অকটেন রয়েছে। এসব জ্বালানী তেল উখিয়ার একটি পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।