Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৪ , ১:১১ অপরাহ্ণ

নেত্রকোনায় অ্যাম্বুলেন্স চালকের সাথে দর কষাকষিতেই মারা গেল নবজাতক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা নবজাতককে ময়মনসিংহ নিয়ে যাওয়ার আগেই মারা গেল সদ্য ভূমিষ্ট নবজাতক।

পরিবারের অভিযোগ,সরকারী অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নিয়ে চালকের সাথে দর কষাকষি করে সময় ক্ষেপনের পর দেখেন নবজাতকটি আর বেঁচে নেই। এমন ঘটনায় বিচার দাবী করেন পরিবারটি।

গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় সন্তান প্রসব করেন সুমাইয়া আক্তার। নির্ধারিত সময়ের আগেই প্রসব হওয়ায় নানা সমস্যার কথা উল্লেখ করে প্রি ম্যাচিউর লিখে উন্নত চিকিৎসার জন্য নবজাতকের রেফার্ড করেন চিকিৎসকরা।

ভুক্তভোগীদের স্বজনরা জানান,গতকাল মঙ্গলবার বিকেলে প্রসব ব্যথা নিয়ে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের দিলোরা গ্রামের দিনমজুর মনির মিয়া তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে সন্ধ্যা ৬ টায় নরমাল ডেলিভারি হয়।

এরপর থেকেই শ্বাসকষ্ট সহ নানা সমস্যা দেখা দেয় নবজাতকের। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করেন। পরে দিনমজুর মনির মিয়া ধারদেনা করে টাকা জোগাড় করে রাত দশটায় অ্যাম্বুলেন্স চালককে ফোন দিয়ে যোগাযোগ করে সাক্ষাত পান চালকের। পরে সরকার নির্ধারিত ভাড়া ১২৫০ টাকা থাকলেও চালক ২৫০০ টাকা দাবী করায় রাত বারোটা পর্যন্ত চলে ভাড়া নিয়ে দর কষাকষি। একপর্যায়ে ১৭০০ টাকায় নবজাতক নিয়ে যাওয়ার জন্য রাজি হন চালক তবে এরইমধ্যে তারা দেখেন নবজাতকটি আর বেঁচে নেই।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেসা বলেন,ময়মনসিংহে রেফাড করার পরও তারা নিজেদের সিদ্ধান্তে নিয়ে যায়নি। তবে ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আরও বলেন,চালকের দাবী জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট করুন